গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়ে আবেদন করলেও প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে দুই হাজার কোটি টাকা নগদ অর্থ এবং আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম আরটিজিএস সেবা সচল রাখতে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
সম্প্রতি ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা দেখা দেয়। এর প্রভাবে এক সপ্তাহে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত প্রত্যাহার করেছেন গ্রাহকরা।
আরও পড়ুন: ৩৪.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাল বাংলাদেশের রিজার্ভ
গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং গ্রাহকরা তাদের টাকা তুলতে কোনো সমস্যায় পড়বেন না।





















































































































































































































































































































































































































































































































































































































































































